রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। ভূমি সংস্কার বোর্ডের বর্তমান চেয়ারম্যান (সচিব) এ জে এম সালাহউদ্দিন নাগরীকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগের সচিব করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ শাখা-১ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন সিনিয়র সচিব মো. বরমান হোসেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, এ জে এম সালাহউদ্দিন নাগরীকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যানের (সচিব) পদ থেকে রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগের সচিব পদে চুক্তিভিত্তিকভাবে পদায়ন করা হয়েছে।
এদিকে সরকারের আরও দুই সচিবের দায়িত্বেও পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে রফিকুল আই মোহাম্মদকে রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগ থেকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব পদে বদলি করা হয়েছে। এর মাত্র ১১ দিন আগে কৃষি মন্ত্রণালয় থেকে তাকে রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগের সচিব হিসেবে বদলি করা হয়েছিল।
অন্যদিকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাৎ শওকত রশীদ চৌধুরীকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে ১০ আগস্ট কৃষি মন্ত্রণালয় ও রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগে সচিব পর্যায়ে পরিবর্তন আনে সরকার। ওই সময় চুক্তিভিত্তিক নিয়োগে থাকা রফিকুল আই মোহাম্মদকে রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগের সচিব করা হয়। একই সময়ে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম খানকে সচিব পদে পদোন্নতি দিয়ে ওই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
এ ছাড়া পৃথক এক প্রজ্ঞাপনে তৎকালীন রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগের সচিব খান মো. নূরুল আমীনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছিল।
মন্তব্যসমূহ