নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবনে বিভিন্ন দেশের কূটনীতিকদের উপস্থিতি শুরু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
বিকেল থেকেই বিভিন্ন দেশের পতাকাবাহী গাড়িতে করে কূটনীতিকদের বঙ্গভবনে প্রবেশ করতে দেখা যায়। একই সঙ্গে আমন্ত্রিত অতিথিদেরও আগমন শুরু হয়। অতিথিদের স্বাগত জানাতে বঙ্গভবনের প্রবেশপথ ও অভ্যন্তরে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন ও আশপাশের এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) ও আনসার সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে। বিভিন্ন প্রবেশপথে তল্লাশি ও যানবাহন নিয়ন্ত্রণের পাশাপাশি বাড়ানো হয়েছে নজরদারি।
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান দেখতে বঙ্গভবনের আশপাশে সাধারণ মানুষের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। কূটনীতিক ও অতিথিদের গাড়ি বঙ্গভবনে প্রবেশের সময় সড়কের পাশে দাঁড়িয়ে অনেককে অনুষ্ঠান ঘিরে আগ্রহ প্রকাশ করতে দেখা যায়।
আমন্ত্রিত অতিথিদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বঙ্গভবন ও সংলগ্ন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা কার্যকর করেছে।
শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য এবং সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত রয়েছেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতির শপথবাক্য পাঠ করান। শপথের মাধ্যমে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
মন্তব্যসমূহ