নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানকে সামনে রেখে বঙ্গভবনের দরবার হল প্রস্তুত করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি দেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানিয়েছেন, শপথ অনুষ্ঠানের প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে পুরো অনুষ্ঠান পরিচালিত হবে।
অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথবাক্য পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে ১ হাজার ২০০ জনের বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
অনুষ্ঠানের আমন্ত্রণপত্র অনুযায়ী, সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রপতি দরবার হলে প্রবেশ করবেন। এরপর জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র কোরআন তেলাওয়াতের পর ভারপ্রাপ্ত স্পিকার তাকে রাষ্ট্রপতির শপথ পড়াবেন।
শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য এবং সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত থাকবেন।
এ ছাড়া তিন বাহিনীর প্রধান, সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জাতীয় পর্যায়ের রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছে।
ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও বিদেশি কূটনীতিকদেরও শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। এ উপলক্ষে বঙ্গভবন এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি অনুষ্ঠানস্থলের সাজসজ্জা ও অন্যান্য আনুষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এর আগে গত ২৪ জুলাই অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত মো. সাহাবুদ্দিন। তার পদত্যাগের পর রাষ্ট্রপতির পদটি শূন্য হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রয়োজন দেখা দেয়।
এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হন।
মন্তব্যসমূহ