বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা হওয়ার পর জাতীয় সংসদে তাকে অভিনন্দন জানান সংসদ সদস্যরা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ফলাফল ঘোষণার পর সরকারি দলের সংসদ সদস্যরা করতালি ও টেবিল চাপড়ে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে স্বাগত জানান।
এ সময় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান নিজের আসন থেকে উঠে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে যান এবং ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। মির্জা ফখরুলও উপস্থিত সবার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন।
পরে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের নেতারা নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
মির্জা ফখরুল নিজের আসন ছেড়ে সামনে এগিয়ে গিয়ে বিরোধীদলীয় নেতার সঙ্গে কোলাকুলি করেন। এরপর বিরোধী দলের উপনেতাসহ অন্যান্য জ্যেষ্ঠ নেতারাও তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানও অধিবেশন কক্ষের মাঝামাঝি স্থানে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি বিরোধীদলীয় নেতার সঙ্গেও সৌজন্য বিনিময় করেন।
রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার পর জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের নেতাদের মধ্যে এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ দেখা যায়।
মন্তব্যসমূহ