ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াটি গ্রামে কৃষক নায়েব আলী হত্যা মামলায় দুই আসামিকে সাজা দিয়েছেন আদালত। রায়ে নিহত কৃষকের প্রতিবেশীর ছেলে আল-আমিন পাটোয়ারীকে মৃত্যুদণ্ড এবং তার বাবা ইউনুচ আলী পাটোয়ারীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাসুদ আলী এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আল-আমিনকে ৫০ হাজার টাকা এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইউনুচ আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আকিদুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০২৫ সালের ২৮ মে কালীগঞ্জ উপজেলার মালিয়াটি গ্রামের কৃষক নায়েব আলীকে মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা করেন। মামলায় তিনজনের নাম উল্লেখ করা হয় এবং আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হয়।
তদন্ত শেষে পুলিশ ইউনুচ আলী পাটোয়ারী ও তার ছেলে আল-আমিনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। বিচারিক কার্যক্রম শুরু হওয়ার পর মাত্র ৭ কার্যদিবসের মধ্যেই আদালত এ মামলার রায় ঘোষণা করেন।
রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত কৃষক নায়েব আলীর ছেলে ও মামলার বাদী বিল্লাল হোসেন। তিনি বলেন, যারা তার বাবাকে হত্যা করেছে, তাদের বিরুদ্ধে আদালত দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন। দ্রুত রায় কার্যকরের দাবি জানান তিনি।
তবে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু তালিব জানিয়েছেন, তারা এ রায়ে সন্তুষ্ট নন। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানান তিনি।
মন্তব্যসমূহ