সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের দুই হাফেজ। বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে তারা বিভিন্ন বিভাগে সম্মানজনক স্থান অর্জন করে বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছেন।
এবারের প্রতিযোগিতার ১৫ পারা বিভাগে বাংলাদেশের হাফেজ নুরুদ্দিন জাকারিয়া প্রথম স্থান অর্জন করেছেন। অন্যদিকে ৩০ পারা বিভাগে হাফেজ মাহমুদুল হাসান আশরাফী তৃতীয় স্থান অর্জন করেছেন।
হাফেজ নুরুদ্দিন জাকারিয়া মুফতি আবদুল কায়ুম মোল্লা পরিচালিত আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী। তার এই আন্তর্জাতিক সাফল্যে মাদ্রাসা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
মক্কায় আয়োজিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচিত হাফেজ ও কোরআন অনুরাগীরা অংশ নেন। এবারের আসরে ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজদের এমন অর্জন দেশের হিফজ শিক্ষা ও কোরআন চর্চার অগ্রগতির উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
মন্তব্যসমূহ