বিশ্বকাপের অন্যতম ফেবারিট ফ্রান্স। আর দলটির আক্রমণভাগের সবচেয়ে বড় ভরসা অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। প্রথম ম্যাচেই জোড়া গোল করে নিজের ছন্দের জানান দিয়েছেন এই ফরাসি তারকা।
গত বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করা এমবাপ্পে এবারও বড় মঞ্চে আলো ছড়াতে প্রস্তুত। তাই ফ্রান্সের দ্বিতীয় ম্যাচের আগে আলোচনার কেন্দ্রে রয়েছেন তিনি।
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইরাকের মুখোমুখি হবে ফ্রান্স। সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ফ্রান্সের শক্তিশালী আক্রমণভাগ, বিশেষ করে এমবাপ্পেকে থামানোর পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হয় ইরাক কোচ গ্রাহাম আর্নল্ডকে। জবাবে রসিকতা করে তিনি বলেন, গোলপোস্টে একসঙ্গে তিনজন গোলকিপার খেলানো যায় কি না, সেটাই তিনি জানতে চেয়েছিলেন। তবে সেই সুযোগ নেই।
প্রতিপক্ষ শক্তিশালী হলেও নিজের দলকে আত্মবিশ্বাসী রাখতে চান ইরাক কোচ। তিনি বলেন, ফ্রান্স কীভাবে খেলবে, সেটি তাদের নিয়ন্ত্রণে নেই। তবে নিজেদের খেলা তারা নিয়ন্ত্রণ করতে পারেন।
গ্রাহাম আর্নল্ড আরও বলেন, তার খেলোয়াড়রা মাঠে নেমে নিজেদের সামর্থ্য দেখাতে প্রস্তুত। বিশ্বের সামনে ইরাকের লড়াকু মানসিকতা তুলে ধরাই হবে তাদের লক্ষ্য।
মন্তব্যসমূহ