বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে যুক্ত হওয়া চার সদস্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। নতুন স্থায়ী কমিটি সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও মো. ইসমাইল জবিউল্লাহ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুর ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
সাক্ষাৎকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে নতুন চার স্থায়ী কমিটি সদস্য শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
গত ১৫ আগস্ট বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই চার নেতাকে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনয়ন দেন।
দলের পক্ষ থেকে জানানো হয়, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিএনপি আশা করছে, নতুন সদস্যরা তাদের অভিজ্ঞতা ও পরামর্শের মাধ্যমে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
১৯ সদস্যবিশিষ্ট বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার সদস্য যুক্ত হওয়ার আগে ১৩ জন সদস্য ছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী হওয়ায় নির্বাচন শেষে দলীয় পদ থেকে পদত্যাগ করার কথা রয়েছে।
নতুন চার সদস্য যুক্ত হওয়ায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বর্তমান সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে।
মন্তব্যসমূহ