পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেছেন ভুটানের পররাষ্ট্র সচিব পেমা লেকতুপ দর্জি।
মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে শামা ওবায়েদ ভুটানের গেলেফু মাইন্ডফুলনেস সিটি (জিএমসি) উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে কুড়িগ্রামে ভুটানের প্রস্তাবিত বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) দ্রুত চালুর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভুটানের মধ্যে বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলো চালু হলে বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান এবং আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।
তিনি আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ দুই দেশের জন্য পারস্পরিকভাবে লাভজনক সহযোগিতার নতুন সুযোগ তৈরি করবে।
বৈঠকে আঞ্চলিক সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হয়। এ সময় শামা ওবায়েদ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরে আঞ্চলিক সহযোগিতার গুরুত্বের কথা উল্লেখ করেন।
বাংলাদেশ ও ভুটানের প্রতিনিধিরা দক্ষিণ এশিয়ার সংহতি বৃদ্ধি এবং জনগণের কল্যাণে সার্ককে আরও কার্যকর করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।
মন্তব্যসমূহ