বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নতুন চার সদস্য দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি জানান, বিএনপির নতুন স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিউল্লাহ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।
এর আগে একই দিন সকালে নতুন চার সদস্য শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
গত ১৫ আগস্ট বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিউল্লাহকে মনোনীত করেন।
দলের পক্ষ থেকে জানানো হয়, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে চার নেতাকে সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে যুক্ত করা হয়েছে। তাদের অভিজ্ঞতা ও পরামর্শ দলের ভবিষ্যৎ সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ১৯ মার্চ। এরপর বিভিন্ন কারণে স্থায়ী কমিটির কয়েকটি পদ শূন্য হয়। সময়ের সঙ্গে দলটি এসব পদে নতুন সদস্য যুক্ত করেছে।
নতুন চার সদস্য যুক্ত হওয়ার আগে বিএনপির ১৯ সদস্যের স্থায়ী কমিটিতে ১৩ জন সদস্য ছিলেন। তারা হলেন তারেক রহমান, খন্দকার মোশাররফ হোসেন, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও এ জেড এম জাহিদ হোসেন।
এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী করা হয়। এরপর তিনি মহাসচিবসহ দলীয় সব পদ থেকে পদত্যাগ করেন।
মন্তব্যসমূহ