চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকার বিভাগের অধীনে পাঁচ ধরনের নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের ভাঙ্গা ব্রিজ এলাকায় সৌন্দর্যবর্ধন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে সরকার প্রস্তুত রয়েছে। এ জন্য চলতি অর্থবছরের বাজেটে প্রায় ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
তিনি জানান, নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে। কমিশনের প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর কোন নির্বাচন আগে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার বিভাগের অধীনে সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।
দেশের উন্নয়ন কার্যক্রম প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ সময় ধরে প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন হয়নি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার চেষ্টা করছে।
তিনি বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের দীর্ঘদিনের ময়লা-আবর্জনা পরিষ্কার করে সেখানে গাছ লাগানো হয়েছে। দেশের বিভিন্ন স্থানে যেখানে অপরিচ্ছন্ন পরিবেশ রয়েছে, পর্যায়ক্রমে সেসব স্থান পরিষ্কার করে বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেওয়া হবে।
প্রতিমন্ত্রী আরও জানান, আমিনবাজার ও আশুলিয়া পৌরসভা বাস্তবায়নের বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে।
পরিদর্শনকালে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ