লক্ষ্মীপুরের রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমির প্রধান শিক্ষক মো. জিল্লুর রহমান তিন দিনের ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর সাড়ে তিন বছরেও বিদ্যালয়ে ফেরেননি বলে অভিযোগ উঠেছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২২ আগস্ট তিনি মাত্র তিন দিনের ছুটি নেন। এরপর ২৩ আগস্ট যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়েন। তবে দীর্ঘ সময় পার হলেও তিনি আর কর্মস্থলে যোগ দেননি।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার নিয়ম থাকলেও জিল্লুর রহমান তা অনুসরণ করেননি বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে ব্যবস্থা নিতে ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর তৎকালীন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন দাশ জেলা প্রশাসকের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে চিঠি দেন। ওই সময় তিনি বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্বেও ছিলেন।
বিদ্যালয় সূত্র আরও জানায়, এর আগেও ২০২১ সালের ডিসেম্বরে জিল্লুর রহমান যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। সে সময় তিনি দুই মাসের ছুটি নিয়েছিলেন বলে জানা গেছে। তবে বিদেশ যাওয়ার জন্য প্রয়োজনীয় অনুমতি নিয়েছিলেন কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।
দীর্ঘদিন প্রধান শিক্ষক অনুপস্থিত থাকায় বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ও পাঠদান ব্যবস্থাপনায় সমস্যা তৈরি হয়েছে বলে জানিয়েছেন শিক্ষক ও সংশ্লিষ্টরা।
বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক জানান, প্রধান শিক্ষকের দীর্ঘ অনুপস্থিতির কারণে সিদ্ধান্ত গ্রহণ ও প্রশাসনিক কার্যক্রমে জটিলতা তৈরি হয়েছে। এতে প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
অভিভাবকদের কয়েকজন জানান, একসময় বিদ্যালয়টির ফলাফল ভালো ছিল এবং শিক্ষার্থীদের ভর্তি নিয়ে অভিভাবকদের আগ্রহ ছিল। তবে সাম্প্রতিক সময়ে শিক্ষার মান নিয়ে তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা ফারুকী বলেন, প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। তিনি কবে বিদ্যালয়ে ফিরবেন, সে বিষয়েও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে এখনো তাঁর পদটি শূন্য ঘোষণা করা হয়নি।
অভিযোগের বিষয়ে জানতে মো. জিল্লুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে যোগাযোগের চেষ্টারও কোনো উত্তর পাওয়া যায়নি।
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউসার বলেন, সরকারি কর্মচারীদের বিদেশ যেতে হলে যথাযথ অনুমতি নেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু প্রধান শিক্ষক জিল্লুর রহমান বিদেশ যাওয়ার ক্ষেত্রে অনুমতি নিয়েছেন কি না, সে বিষয়ে জটিলতা রয়েছে। বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্যসমূহ