যুক্তরাজ্যের ইস্ট লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে মাছুম আহমদ (৪০) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) স্থানীয় সময় রাত সাড়ে ৩টার দিকে ইস্ট লন্ডন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে নিহতের পরিবার।
নিহত মাছুম আহমদ সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব কারিকোনা গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের আমির আলীর ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, ছোটবেলা থেকেই মাছুম যুক্তরাজ্যে বসবাস করতেন। জীবিকার কারণে দীর্ঘদিন ধরে তিনি সেখানেই ছিলেন। কয়েকবার দেশে এসেছিলেন তিনি। তার একটি কন্যাসন্তান রয়েছে।
নিহতের ছোট ভাই মানিক মিয়া জানান, লন্ডনের স্থানীয় সময় ভোর ৪টার দিকে পুলিশ তাদের বাসায় গিয়ে দরজায় নক করে। দরজা খোলার পর পুলিশ সদস্যরা জানতে চান, এটি মাছুমের বাসা কি না। পরে মাছুমের ছবি দেখানোর পর তারা জানান, তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।
মানিক মিয়া বলেন, কী কারণে তার ভাইকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে এখনো তারা কিছু জানতে পারেননি। বর্তমানে মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে।
মাছুমের বাবা আমির আলী জানান, যুক্তরাজ্য থেকে তার ছোট ছেলে মারুফ ফোন করে বিষয়টি জানিয়েছেন। নিহতের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।
ঘটনার বিষয়ে যুক্তরাজ্য পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত হামলার কারণ বা জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
মন্তব্যসমূহ