কুষ্টিয়ায় নিজের গাড়িবহরে হামলার ঘটনায় গণঅধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীদের’ দায়ী করে তাদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার।
রোববার (১৬ আগস্ট) কুষ্টিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। তিনি বলেন, শনিবার নির্ধারিত নির্বাচনী এলাকায় গণসংযোগ ও সাধারণ মানুষের খোঁজখবর নিয়ে ফেরার পথে গণঅধিকার পরিষদের লোকজন তার গাড়িবহরে ‘বর্বর ও অতর্কিত হামলা’ চালায়।
সংসদ সদস্যের দাবি, ঘটনাটি হঠাৎ করে ঘটেনি; এটি পূর্বপরিকল্পিত ছিল। শান্ত কুষ্টিয়াকে অস্থিতিশীল করা এবং তার গণতান্ত্রিক ও জনকল্যাণমূলক কার্যক্রম বাধাগ্রস্ত করতেই হামলার পরিকল্পনা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, একজন জনপ্রতিনিধি ও আলেম হিসেবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা তার দায়িত্ব। রাজনীতির নামে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত এবং প্রকাশ্যে একজন সংসদ সদস্যের ওপর হামলার সাহস দেখায়, তারা সমাজ ও কুষ্টিয়ার মানুষের জন্য হুমকি।
সংবাদ সম্মেলনে হামলার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ব্যক্তিদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান তিনি। একই সঙ্গে সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য যাচাই করে হামলার মূল পরিকল্পনাকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
স্থানীয় পুলিশ ও প্রশাসনের প্রতি রাজনৈতিক প্রভাবমুক্তভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের দাবি জানান।
কুষ্টিয়া-৩ আসনের সর্বস্তরের মানুষকে শান্তি ও ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান সংসদ সদস্য। তিনি বলেন, প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে কুষ্টিয়ার শান্তিপ্রিয় জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে এর ‘কড়া জবাব’ দেওয়া হবে।
মন্তব্যসমূহ