দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর জমা দেওয়া মনোনয়নপত্র আজ রোববার (১৬ আগস্ট) যাচাই-বাছাই করবে নির্বাচন কমিশন (ইসি)। প্রার্থীরা হলেন বিএনপি ও সমমনা দলগুলোর মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।
নির্বাচন কমিশন জানিয়েছে, সকাল ১০টা থেকে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাইয়ের কার্যক্রম শুরু হবে।
ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, নির্বাচনী কর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার মনোনয়নপত্র পরীক্ষা করবেন। যাচাই-বাছাই শেষ না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলবে। এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের একজন প্রতিনিধিও উপস্থিত থাকবেন।
রাষ্ট্রপতি নির্বাচনে এবার মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে অলি আহমদের পক্ষে দুটি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে একটি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা। সব প্রক্রিয়া শেষে আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মন্তব্যসমূহ