দিনব্যাপী সরকারি সফরে আজ রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে এটিই তার প্রথম কিশোরগঞ্জ সফর। সফরকালে জেলার সদর, পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলার একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
দলীয় ও প্রশাসনিক সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে ঢাকা থেকে সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। তার প্রথম গন্তব্য পাকুন্দিয়া উপজেলা। বেলা সাড়ে ১১টায় মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করবেন তিনি। একই স্থানে মৎস্যচাষিদের মধ্যে পোনা বিতরণ এবং স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কর্মসূচি রয়েছে।
পাকুন্দিয়ার কর্মসূচি শেষে কটিয়াদীতে যাবেন প্রধানমন্ত্রী। দুপুর সাড়ে ১২টায় কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শনের পর বেলা ১টায় আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে আয়োজিত ‘জাতীয় মৎস্যপক্ষ-২০২৬’-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
এরপর দুপুর আড়াইটায় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম উদ্বোধনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে জেলা জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেবেন তিনি।
বিকেল ৪টায় কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে প্রান্তিক মানুষের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী। একই অনুষ্ঠানে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানীর চেক দেওয়ার কর্মসূচি রয়েছে।
সফরকে কেন্দ্র করে কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে।
দিনের সব কর্মসূচি শেষ করে সন্ধ্যা ৬টার দিকে প্রধানমন্ত্রীর ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
মন্তব্যসমূহ