পাকিস্তানের ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির জাতীয় পতাকার সবুজ ও সাদা রঙে আলোকিত করা হয়েছে তুরস্কের ইস্তাম্বুলের বিখ্যাত ১৫ জুলাই মার্টার্স ব্রিজ।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে বসফরাস প্রণালির ওপর নির্মিত সেতুটিতে বিশেষ এই আলোকসজ্জা করা হয়। সবুজ ও সাদা আলোয় সেজে ওঠা সেতুটি রাতের ইস্তাম্বুলে তৈরি করে দৃষ্টিনন্দন দৃশ্য।
পাকিস্তানের স্বাধীনতা দিবসের প্রতি সম্মান জানাতেই এই বিশেষ আয়োজন করা হয়। একই সঙ্গে এটি তুরস্ক ও পাকিস্তানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীকী প্রকাশ হিসেবেও দেখা হচ্ছে।
ইস্তাম্বুলের ১৫ জুলাই মার্টার্স ব্রিজ বসফরাস প্রণালির ওপর দিয়ে শহরের ইউরোপীয় ও এশীয় অংশকে যুক্ত করেছে। গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক দিবসে এই সেতুকে বিভিন্ন দেশের পতাকার রঙে আলোকিত করার নজির রয়েছে।
১৯৪৭ সালের ১৪ আগস্ট স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে পাকিস্তান। এ বছর দেশটি তাদের ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে। রাজধানী ইসলামাবাদসহ পাকিস্তানের বিভিন্ন শহরেও সবুজ ও সাদা আলো, পতাকা, আতশবাজি ও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
তুরস্কের এই উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সবুজ-সাদা আলোয় আলোকিত ইস্তাম্বুলের সেতুর ছবি ও ভিডিও শেয়ার করে দুই দেশের বন্ধুত্বের কথা তুলে ধরেন অনেকে।
মন্তব্যসমূহ