পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে নতুন করে উদ্বেগ ও গুঞ্জন তৈরি হয়েছে। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি ইমরান খানের ‘মৃত্যু হয়েছে’—এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
এর মধ্যে পাকিস্তানি সাংবাদিক ওয়াজাহাত সাঈদ খান দাবি করেছেন, সামরিক সূত্রের বরাত দিয়ে তিনি জানতে পেরেছেন যে ইমরান খান আর বেঁচে নেই। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ওই সাংবাদিকের এ দাবির পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে তার দাবির পক্ষে স্বাধীনভাবে যাচাই করা কোনো তথ্য প্রকাশ্যে আসেনি।
ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) অবশ্য বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। দলটির নেতারা বলছেন, দীর্ঘদিন ধরে ইমরান খানের বোন, আইনজীবী ও ব্যক্তিগত চিকিৎসকদের আদিয়ালা কারাগারে তার সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হচ্ছে না। এ কারণে তার প্রকৃত শারীরিক অবস্থা নিয়ে সন্দেহ আরও বেড়েছে।
পিটিআই ইমরান খানের সঙ্গে স্বজন ও চিকিৎসকদের সাক্ষাতের সুযোগ দেওয়ার পাশাপাশি তার শারীরিক অবস্থা সরাসরি যাচাইয়ের দাবি জানিয়েছে। দলটির নেতারা সতর্ক করে বলেছেন, বিষয়টি পরিষ্কার করা না হলে ইসলামাবাদ অভিমুখে বড় ধরনের লংমার্চ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রীসহ দলটির কয়েকজন জ্যেষ্ঠ নেতা এতে প্রায় ২০ লাখ সমর্থক অংশ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
তবে পাকিস্তান সরকার পিটিআইয়ের অভিযোগ ও আন্দোলনের হুমকিকে রাজনৈতিক কৌশল হিসেবে অভিহিত করেছে। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)ও ইমরান খান মারা গেছেন—এমন খবর সরাসরি প্রত্যাখ্যান করেছে। ফলে এখন পর্যন্ত তার মৃত্যুর দাবির পক্ষে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
পিটিআইয়ের আলটিমেটামের পর ইসলামাবাদে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজধানীতে প্রবেশের বিভিন্ন পথে অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
এর আগে গত বছরও ইমরান খানের মৃত্যুর বিষয়ে একই ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। সে সময় তার বোন উজমা খানম কারাগারে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করার পর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়। তবে এবার দীর্ঘদিন ধরে স্বজন ও চিকিৎসকদের সাক্ষাৎ না হওয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে থাকা ইমরান খান বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দি। তার কারাবাস ও স্বাস্থ্য নিয়ে এর আগেও বিভিন্ন সময়ে নানা দাবি ও বিতর্ক হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে তার এক আইনজীবী কারাগারে সাক্ষাতের পর জানিয়েছিলেন, ইমরান খানকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় দেখা গেছে।
বর্তমানে ইমরান খানের মৃত্যুর দাবি নিশ্চিত করার মতো নির্ভরযোগ্য তথ্য না থাকায় বিষয়টি নিয়ে ছড়িয়ে পড়া খবরকে গুঞ্জন হিসেবেই দেখা হচ্ছে। তার প্রকৃত শারীরিক অবস্থা নিশ্চিত করতে পিটিআই সরাসরি সাক্ষাতের দাবি জানিয়ে যাচ্ছে।
সূত্র: ইন্ডিয়া টুডে
মন্তব্যসমূহ