বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার খবর ছড়িয়ে পড়তেই তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আনন্দ-উৎসব শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর থেকে জেলার বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল ও স্লোগান দিতে দেখা যায়।
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নের খবর প্রকাশের পর ঠাকুরগাঁও শহরসহ বিভিন্ন উপজেলায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। তারা পরস্পরকে মিষ্টি খাইয়ে আনন্দ ভাগ করে নেন। বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের উচ্ছ্বাস প্রকাশ করতেও দেখা যায়।
জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি মো. শরিফুল ইসলাম শরিফ বলেন, মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় ঠাকুরগাঁওয়ের পাশাপাশি দেশের মানুষও আনন্দিত। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি নানা প্রতিকূলতার মধ্য দিয়ে রাজনীতি করেছেন এবং কারাবরণ করেছেন। তার রাজনৈতিক ত্যাগ ও সংগ্রামের স্বীকৃতি হিসেবেই তাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে বলে মনে করেন তিনি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওবাসীর গর্ব। তার মনোনয়নের খবরে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মির্জা ফখরুলের ছোট ভাই ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন বলেন, মির্জা ফখরুলের রাষ্ট্রপতি পদে মনোনয়ন তাদের পরিবারের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। তবে এই আনন্দ শুধু পরিবারের মধ্যে সীমাবদ্ধ নয়, ঠাকুরগাঁওয়ের প্রতিটি মানুষের। দীর্ঘদিন ধরে মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে মির্জা ফখরুল রাজনীতি করে আসছেন উল্লেখ করে তিনি তার জন্য সবার দোয়া ও শুভকামনা কামনা করেন।
এদিকে মির্জা ফখরুলের মনোনয়নের খবরে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যেও উৎসাহ দেখা গেছে। দিনভর জেলার বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণসহ নানা কর্মসূচির মাধ্যমে আনন্দ প্রকাশ করছেন বিএনপি নেতাকর্মী ও সমর্থকেরা।
মন্তব্যসমূহ