সাত কলেজের সব চলমান সেশনের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আওতায় অন্তর্ভুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা কলেজের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে তারা এ কর্মসূচি পালন করেন। এ সময় চলমান সেশনগুলোর একাডেমিক মাইগ্রেশনসহ বিভিন্ন দাবি তুলে ধরেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
কর্মসূচিতে ঢাকা কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আলা ফাহাদ বলেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার দাবিতে আগের বিভিন্ন আন্দোলনে ঢাকা কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সেই ধারাবাহিকতায় চলমান সেশনের শিক্ষার্থীদের একাডেমিক মাইগ্রেশনের দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিলের কর্মসূচি নেওয়া হয়েছিল।
তার অভিযোগ, কর্মসূচিতে সাত কলেজের বিভিন্ন ক্যাম্পাসের শিক্ষার্থীরা ঢাকা কলেজে উপস্থিত হয়েছিলেন। তবে কিছুক্ষণ পর তাদের ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয় এবং ঢাকা কলেজের ফটক বন্ধ করে দেওয়া হয়। সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করতে দেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি।
আন্দোলনরত শিক্ষার্থীদের বক্তব্য, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য ছিল সাত কলেজের চলমান শিক্ষাবর্ষগুলোর একাডেমিক জটিলতা ও পরিচয়সংক্রান্ত সমস্যা সমাধান করা। তাই বিশ্ববিদ্যালয়ের নতুন কাঠামোয় বর্তমান শিক্ষার্থীদের অবস্থান দ্রুত স্পষ্ট করা প্রয়োজন।
তাদের দাবি, যেসব শিক্ষার্থীর একাডেমিক সমস্যার সমাধানকে সামনে রেখে নতুন বিশ্ববিদ্যালয়ের কাঠামো তৈরি হয়েছে, তাদেরই আগে এর আওতায় আনার ব্যবস্থা করতে হবে। সব চলমান সেশনের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করে একাডেমিক মাইগ্রেশনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত চান তারা।
মন্তব্যসমূহ