দেশে ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশা চার্জ দেওয়ার কারণে বিদ্যুতের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বিশেষ করে মধ্যরাতে এসব যানবাহন একসঙ্গে চার্জ দেওয়ায় বিদ্যুতের চাহিদা অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে বলে জানান তিনি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জ্বালানিমন্ত্রী এসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ব্যাটারিচালিত অটোরিকশার কারণে বিদ্যুতের এমন একটি অতিরিক্ত চাহিদা তৈরি হয়েছে, যা আগে ছিল না। তার দাবি, এসব অটোরিকশার একটি বড় অংশ অবৈধ সংযোগ ব্যবহার করে ব্যাটারি চার্জ করছে।
অবৈধ বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা কোথাও কোথাও বাধা ও হামলার মুখেও পড়ছেন বলে জানান মন্ত্রী। সরকার অবৈধ সংযোগ শনাক্ত ও বন্ধ করতে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
দেশের শিল্প খাতে বিদ্যুৎ ও গ্যাসের সংকট থাকার কথা স্বীকার করে জ্বালানিমন্ত্রী বলেন, পরিস্থিতি মোকাবিলায় জ্বালানি সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি জানান, সম্প্রতি একটি এলএনজি এফএসআরইউ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। আরও তিনটি এফএসআরইউ স্থাপনের পরিকল্পনা রয়েছে, যা ২০২৯ সালের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া মোংলা-হিরন পয়েন্ট এলাকায় নতুন একটি এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ইকবাল হাসান মাহমুদ টুকু।
দেশে জ্বালানি তেলের সরবরাহ নিয়েও কথা বলেন মন্ত্রী। তেল নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে উল্লেখ করে তিনি জনগণকে যাচাই না করে এ ধরনের তথ্য প্রচার না করার আহ্বান জানান।
মন্তব্যসমূহ