নয়টি মামলায় জামিন পাওয়ার পর এবার জুলাই আন্দোলনের সময় রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহসভাপতি সৈয়দ মোনালিসা ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বুধবার (১২ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মোনালিসার আইনজীবী তরিকুল ইসলাম।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক আমজাদ হোসেন তালুকদার গত ৭ আগস্ট মোনালিসাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত বুধবার শুনানির দিন নির্ধারণ করেছিলেন। এদিন ভার্চুয়ালি তাকে মামলাটিতে গ্রেপ্তার দেখানো হয়।
মোনালিসার আইনজীবীর দাবি, মেহেরপুরের আটটি মামলা এবং ঢাকায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছিলেন তার মক্কেল। এসব মামলায় জামিন পাওয়ার পর কারামুক্তির সম্ভাবনা তৈরি হলেও নতুন করে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোয় আপাতত তার মুক্তি হচ্ছে না।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে জুলাই আন্দোলনের সময় রাজধানীর নিউ মার্কেটের ১ নম্বর গেটের সামনে গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন।
পরে নিহতের শ্যালক আব্দুর রহমান বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনকে আসামি করে হত্যা মামলা করেন।
এর আগে গত বছরের ১৬ ফেব্রুয়ারি গভীর রাতে রাজধানীর ইস্কাটন রোডের একটি বাড়ি থেকে মোনালিসা ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।
মন্তব্যসমূহ