মুক্তিযুদ্ধবিরোধী কোনো শক্তিকে দেশের জনগণ আর সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার সকালে রাজধানীর বনানীতে প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
রিজভী দাবি করেন, মুক্তিযুদ্ধের সময় শেখ হাসিনা পাকিস্তানি বাহিনীর আশ্রয়-প্রশ্রয়ে ছিলেন। তার ভাষ্য, এ কারণেই সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারকে ঘিরে বিভিন্ন সময়ে ষড়যন্ত্র করা হয়েছে।
আরাফাত রহমান কোকোর মৃত্যুর প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, একটি পরিবারকে বিপর্যস্ত করতে বিগত সরকার কোনো প্রচেষ্টা বাদ দেয়নি। তিনি কোকোর মৃত্যুকে তৎকালীন রাজনৈতিক দমন-পীড়নের চূড়ান্ত পরিণতি হিসেবে উল্লেখ করেন।
রিজভী আরও অভিযোগ করেন, জিয়াউর রহমানের উত্তরসূরিদের পরিকল্পিতভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছিল। জিয়া পরিবারের দেশপ্রেম ও রাজনৈতিক অবস্থান তৎকালীন সরকার মেনে নিতে পারেনি বলেও দাবি করেন তিনি।
শেখ হাসিনাকে নিয়ে রিজভী বলেন, শেষ পর্যন্ত জনগণের প্রতিরোধের মুখে তাকে দেশ ছাড়তে হয়েছে।
মন্তব্যসমূহ