ভারতের মহারাষ্ট্রের পুনের বারামতি বিমানবন্দরে জরুরি অবতরণের সময় একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার (৯ আগস্ট) স্থানীয় সময় দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে বিমানবন্দর এলাকার রানওয়ের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রাথমিক তথ্য অনুযায়ী, জরুরি অবতরণের সময় বিমানটি দুর্ঘটনার শিকার হয়। এতে বিমানের সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
এর আগে চলতি বছরের ২৮ জানুয়ারি বারামতি বিমানবন্দরের কাছে একটি লিয়ারজেট-৪৫ বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের সাবেক উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ পাঁচজন নিহত হন। ওই দুর্ঘটনায় তার দেহরক্ষী, সহকারী এবং দুই পাইলটও নিহত হয়েছিলেন।
অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনার তদন্ত করছে এয়ারক্রাফট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি)। সংস্থাটি আগামী বছরের জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে পারে বলে আশা করা হচ্ছে।
এদিকে, চলতি বছরের মে মাসেও বারামতির কাছে আরেকটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার ঘটনা ঘটে। গোজুবাভি গ্রামের কাছে অবতরণের সময় বিমানটির একটি অংশ বিদ্যুতের খুঁটিতে আঘাত করলে সেটি বিধ্বস্ত হয়। তবে ওই ঘটনায় প্রশিক্ষণার্থী পাইলট নিরাপদে বেরিয়ে আসেন।
পুলিশের প্রাথমিক ধারণা, যান্ত্রিক সমস্যার কারণে বিমানটি কম উচ্চতায় উড়ছিল। পরে জরুরি অবতরণের সময় বিদ্যুতের খুঁটিতে আঘাত লেগে সেটি মাটিতে পড়ে যায়।
সূত্র: এনডিটিভি