স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে দলে ভেড়াতে বার্সেলোনার দেওয়া প্রথম প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ম্যানচেস্টার সিটি। তবে দুই ক্লাবের মধ্যে আলোচনা এখনো চলছে এবং আগামী কয়েক দিনের মধ্যে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
রদ্রিকে নিয়ে কয়েক সপ্তাহ ধরে রিয়াল মাদ্রিদের সঙ্গেও আলোচনা চলছিল। তবে বৃহস্পতিবার (৬ আগস্ট) পরিস্থিতিতে বড় পরিবর্তন আসে। বার্সেলোনা এই দৌড়ে জোরালোভাবে যুক্ত হওয়ার পাশাপাশি রদ্রির সঙ্গে ব্যক্তিগত শর্তেও সমঝোতায় পৌঁছেছে বলে জানা গেছে।
এখন বার্সেলোনার মূল লক্ষ্য ম্যানচেস্টার সিটিকে রদ্রিকে ছেড়ে দিতে রাজি করানো। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ইংলিশ ক্লাবটি কাতালানদের প্রথম প্রস্তাব নাকচ করেছে। তবে বার্সেলোনা আশাবাদী, আলোচনার মাধ্যমে সিটির অবস্থান পরিবর্তন করা সম্ভব হবে।
এর অন্যতম কারণ রদ্রির বর্তমান চুক্তির মেয়াদ আগামী গ্রীষ্মে শেষ হওয়ার কথা। ফলে চুক্তি নবায়ন না হলে পরবর্তী সময়ে কোনো ট্রান্সফার ফি ছাড়াই তাকে পাওয়ার সুযোগ তৈরি হতে পারে।
সূত্রগুলোর দাবি, বার্সেলোনার প্রাথমিক প্রস্তাবের মূল্য প্রায় ৫ কোটি ইউরো। এর মধ্যে নির্দিষ্ট অর্থের পাশাপাশি বিভিন্ন শর্ত পূরণ সাপেক্ষে অতিরিক্ত অর্থ দেওয়ার ব্যবস্থাও রয়েছে। তবে প্রস্তাবের সঠিক অঙ্ক সম্পর্কে জানতে চাওয়া হলে বার্সেলোনার প্রতিনিধিরা বিষয়টি নিশ্চিত করেননি।
রদ্রিকে দ্রুত দলে যুক্ত করতে চায় বার্সেলোনা। এ কারণে আগামী কয়েক দিন দুই ক্লাবের মধ্যে আলোচনা আরও জোরালো হওয়ার সম্ভাবনা রয়েছে। শেষ পর্যন্ত সিটি তাদের তারকা মিডফিল্ডারকে ছেড়ে দিতে রাজি হয় কি না, এখন সেটিই দেখার বিষয়।
সূত্র: ইএসপিএন