বলিউড অভিনেতা সালমান খানের মুম্বাইয়ের বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টসের নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ সদস্যের আকস্মিক মৃত্যু হয়েছে। নিহতের নাম গণেশ রায়তে।
শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় গ্যালাক্সি অ্যাপার্টমেন্টসের সামনে দায়িত্ব পালন করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন গণেশ। পরে সহকর্মীরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের প্রাথমিক ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, পুলিশ বাহিনীতে যোগ দেওয়ার আগে ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন গণেশ রায়তে। পরবর্তী সময়ে পুলিশে যোগ দিয়ে বিভিন্ন দায়িত্ব পালন করেন তিনি।
কর্তব্যরত অবস্থায় তার আকস্মিক মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত সালমান খানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।