‘স্টার ট্র্যাক’ সিরিজের একাধিক প্রযোজনায় অভিনয় করা মার্কিন অভিনেতা জেমস স্লোয়েন মারা গেছেন। গত ২২ জুলাই নিজ বাড়িতে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তবে প্রায় দুই মাস পর পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে।
দ্য হলিউড রিপোর্টারের ২১ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পরিবারের পক্ষ থেকে সম্প্রতি অভিনেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
টেলিভিশন দর্শকদের কাছে জেমস স্লোয়েন বিশেষভাবে পরিচিত ছিলেন ‘স্টার ট্র্যাক’ ফ্র্যাঞ্চাইজির বিভিন্ন সিরিজে অভিনয়ের জন্য। নব্বইয়ের দশকে তিনি ‘স্টার ট্র্যাক: দ্য নেক্সট জেনারেশন’, ‘ডিপ স্পেস নাইন’ এবং ‘ভয়েজার’-এ বিভিন্ন চরিত্রে অভিনয় করেন।
অভিনয়ের পাশাপাশি কণ্ঠশিল্পী হিসেবেও পরিচিতি পেয়েছিলেন স্লোয়েন। ১৯৮৯ সাল থেকে প্রায় ১৮ বছর টয়োটার বিলাসবহুল গাড়ির ব্র্যান্ড লেক্সাসের বিজ্ঞাপনে ভয়েস-ওভার শিল্পী হিসেবে কাজ করেন তিনি।
চলচ্চিত্রেও তার দীর্ঘ ক্যারিয়ার ছিল। ১৯৭৩ সালের অস্কারজয়ী ‘দ্য স্টিং’ সিনেমায় মোটোলা চরিত্রে অভিনয় করেন স্লোয়েন। জর্জ রয় হিল পরিচালিত ছবিটিতে তার চরিত্রটি ছিল অপরাধী ডয়েল লনেগানের জুয়া কার্যক্রমের সঙ্গে যুক্ত। পরে ১৯৮০ সালে অলিভিয়া নিউটন-জন অভিনীত মিউজিক্যাল ফ্যান্টাসি ‘জ্যানাডু’তেও দেখা যায় তাকে।
১৯৪১ সালের ২৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিসে জন্মগ্রহণ করেন জেমস স্লোয়েন। চার ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ। তার বাবা জেমস পেশায় নির্মাণ প্রকৌশলী ছিলেন।
শৈশব ও কৈশোরের কিছু সময় বিদেশে এবং নিউইয়র্কের অলবানিতে কাটানোর পর তিনি দ্য আমেরিকান একাডেমি অব ড্রামেটিক আর্টস থেকে পড়াশোনা শেষ করেন। অভিনয়জগতে পুরোপুরি যুক্ত হওয়ার আগে প্রায় তিন বছর মার্কিন সেনাবাহিনীতেও দায়িত্ব পালন করেন তিনি।
নিউইয়র্কে ফিরে জোসেফ প্যাপের নিউইয়র্ক শেক্সপিয়ার ফেস্টিভ্যালে অভিনেতা ও ফাইট কোরিওগ্রাফার হিসেবে কাজ শুরু করেন স্লোয়েন। ১৯৬৯ সালে আর্থার কপিটের ‘ইন্ডিয়ানস’ নাটকের মাধ্যমে ব্রডওয়েতে তার অভিষেক হয়। এরপর ১৯৭০ সালের ‘দ্য ট্রাভেলিং এক্সিকিউশনার’ দিয়ে বড়পর্দায় যাত্রা শুরু করেন।
জেমস স্লোয়েনের পরিবারে রয়েছেন স্ত্রী অভিনেত্রী ডিয়ারড্রে লেনিগান, ছেলে সংগীতশিল্পী ড্যানিয়েল এবং মেয়ে অভিনেত্রী সামান্থা স্লোয়েন। তার ভাই লেখক ও পুলিৎজারজয়ী সাংবাদিক প্যাট্রিক স্লোয়েন ২০১৯ সালে মারা যান।
সূত্র: দ্য হলিউড রিপোর্টার।