আগামী সেপ্টেম্বরে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রধানমন্ত্রী নিজেই তাঁর সময়সূচি ও ব্যস্ততা বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ বিমসটেকের সভাপতিত্ব করছে এবং ব্রিকস একটি গুরুত্বপূর্ণ বহুপাক্ষিক জোট। বাংলাদেশ এ ধরনের আন্তর্জাতিক প্ল্যাটফর্মে অংশগ্রহণে আগ্রহী। তবে প্রধানমন্ত্রীর উপস্থিতি নির্ভর করবে তাঁর নির্ধারিত কর্মসূচি ও সময়ের ওপর।
তিনি আরও বলেন, সম্মেলনে অংশ নেওয়ার বিষয়টি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। তিনি সময় ও অন্যান্য ব্যস্ততা বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।
ভারতের পক্ষ থেকে ব্রিকস শীর্ষ সম্মেলনের পাশাপাশি দ্বিপাক্ষিক সফরেরও আমন্ত্রণ রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, সেই আমন্ত্রণ এখনো বহাল রয়েছে।
উল্লেখ্য, আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের ‘আউটরিচ’ পর্বে অংশ নেওয়ার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। তবে সেই আমন্ত্রণ গ্রহণ করে বাংলাদেশ সম্মেলনে অংশ নেবে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি।