রাজধানীর জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সে ক্রীড়াবান্ধব পরিবেশ পুনঃপ্রতিষ্ঠায় উদ্যোগ নিয়েছে সরকার। স্টেডিয়াম এলাকায় অবৈধ দখল, অনিয়ন্ত্রিত দোকানপাট, মাদক ও অপরাধ দমনে মোবাইল কোর্ট পরিচালনা এবং আইনশৃঙ্খলা জোরদারের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তা, মতিঝিল বিভাগের ডিসি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে জাতীয় স্টেডিয়াম এলাকা পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি বিভিন্ন দোকানের ভাড়া, দোকান বরাদ্দের অবস্থা এবং ফুটপাত দখলের বিষয়গুলো সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, জাতীয় স্টেডিয়াম, হকি স্টেডিয়ামসহ দেশের গুরুত্বপূর্ণ ক্রীড়া অবকাঠামোতে কাঙ্ক্ষিত ক্রীড়া পরিবেশ এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। এ অবস্থায় পুরো স্টেডিয়াম এলাকাকে খেলাধুলার উপযোগী ও নিরাপদ পরিবেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, সন্ধ্যার পর স্টেডিয়াম এলাকায় মাদকসেবন, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। এসব কার্যক্রম বন্ধে পুলিশি নজরদারি বাড়ানো হবে এবং নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে পুরো এলাকাকে ক্রীড়াবান্ধব হিসেবে গড়ে তোলার কাজ শুরু হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী জাতীয় ক্রীড়া অবকাঠামোগুলোর পরিবেশ উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে দৃশ্যমান পরিবর্তন আনতে কাজ শুরু হবে। এজন্য জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিদর্শনের সময় জাতীয় ক্রীড়া পরিষদের দোকান ভাড়ার বিষয়টিও গুরুত্ব পায়। দীর্ঘদিন ধরে কম ভাড়ায় দোকান বরাদ্দ থাকায় পরিষদ প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি জানান, বিদ্যমান আইনি জটিলতা পর্যালোচনা করে ভাড়া কাঠামো যৌক্তিক করার বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।
সরকারের এ পদক্ষেপের মাধ্যমে জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সকে আবারও খেলাধুলার উপযোগী, নিরাপদ এবং সুশৃঙ্খল পরিবেশে ফিরিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।