চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। বৃহস্পতিবার (৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে ফল প্রকাশের তারিখ নিশ্চিত করা হয়েছে। নির্ধারিত দিনেই দেশের সব শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল একযোগে প্রকাশ করা হবে।
এদিকে, আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ায় পরিবর্তন আনার সিদ্ধান্তও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম শ্রেণিতে আর কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।
এ ছাড়া প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি পরীক্ষা নিয়ে সম্পন্ন করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।