নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের বিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে ১১ দলীয় জোট। রাজধানীর মুক্তাঙ্গণে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (৬ আগস্ট) অনুষ্ঠিত এ কর্মসূচিতে ডা. শফিকুর রহমান বলেন, ঘোষিত লংমার্চে কোনো ধরনের বাধা দেওয়া হলে আরও বৃহত্তর পরিসরে কর্মসূচি বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে তিনি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি জানান।
তিনি আরও ঘোষণা দেন, ১১ দলীয় জোটের পক্ষ থেকে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর, ১০ অক্টোবর ঢাকা থেকে খুলনা এবং ২৪ অক্টোবর ঢাকা থেকে সিলেট পর্যন্ত আরও তিনটি লংমার্চ কর্মসূচি পালন করা হবে।
কর্মসূচিতে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, সরকার জনগণের সঙ্গে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। গ্যাস, বিদ্যুৎ এবং অন্যান্য মৌলিক সেবা নিশ্চিত করতে না পারলে সরকারের ক্ষমতায় থাকার নৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়বে বলেও মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল হল নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। এ বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা উচিত নয়।
১১ দলীয় জোটের নেতারা কর্মসূচি থেকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জনভোগান্তি নিরসন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।