আগামী ২০ আগস্ট দেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। সেদিন জাতীয় সংসদের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ সদস্যদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৮ আগস্ট।
ইসি সচিব জানান, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রয়োজনীয় ভোটার তালিকা জাতীয় সংসদ সচিবালয় থেকে নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়েছে। এ তালিকা পাওয়ার পরই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
সংবিধান অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত ও দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। এ সময়ে স্পিকারের দায়িত্ব পালন করছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদের সদস্যরা গোপন ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করবেন। এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
উল্লেখ্য, গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করার বাধ্যবাধকতা রয়েছে।