এক দফা কর্মসূচির ঘোষক নিয়ে প্রশ্ন তুলেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নুসরাত তাবাসসুম।
বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করে তিনি এ বিষয়ে মন্তব্য করেন। পোস্টে তিনি লেখেন, “ভিডিও দেখলাম। ভালোই হয়েছে। কিন্তু কোন দেশের ঘটনা এটা?”।
২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের প্রসঙ্গ তুলে নুসরাত তাবাসসুম দাবি করেন, বাংলাদেশে এক দফা কর্মসূচির ঘোষক ছিলেন নাহিদ ইসলাম এবং ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির ঘোষক ছিলেন আসিফ মাহমুদ
তিনি লেখেন, “কারণ বাংলাদেশে তো ১ দফার ঘোষক বিপ্লবী নাহিদ ইসলাম। লং মার্চ টু ঢাকার ঘোষক আসিফ মাহমুদ।”
শেয়ার করা ভিডিওটি তৈরির আগে তথ্য যাচাই করা হয়নি বলেও অভিযোগ করেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, ভিডিও তৈরির আগে অন্তত তথ্য যাচাই করা উচিত ছিল।
নুসরাত তাবাসসুম তাঁর পোস্টে বিএনপির সমর্থকদের উদ্দেশে লেখেন, “আমার লিস্টের বিএনপির ভাই ব্রাদাররা এটার ব্যাখ্যা দিয়েন।”
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নুসরাত তাবাসসুম অন্যতম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময় নাহিদ ইসলাম, আসিফ মাহমুদসহ একাধিক সমন্বয়ক আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব দেন বলে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।