মালয়েশিয়া ও চীনে ছয় দিনের সরকারি সফরের উদ্দেশ্যে রাজধানীর গুলশানের বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার দুপুর ২টার পর তিনি বাসভবন ত্যাগ করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তারেক রহমানের প্রথম বিদেশ সফর। সফরসূচি অনুযায়ী তিনি ২১ ও ২২ জুন মালয়েশিয়ায় অবস্থান করবেন। এরপর ২৩ থেকে ২৬ জুন পর্যন্ত চীন সফর শেষে দেশে ফেরার কথা রয়েছে।
সংশ্লিষ্ট মহলের মতে, এই সফর ঢাকা, কুয়ালালামপুর এবং বেইজিংয়ের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
কূটনৈতিক সূত্র জানায়, মালয়েশিয়া সফরের সময় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে শ্রমবাজার সম্প্রসারণ, বাংলাদেশি কর্মী নিয়োগ, বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি খাতে সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে।
অন্যদিকে, চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে একাধিক দ্বিপক্ষীয় দলিল সই হওয়ার সম্ভাবনা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সফরকালে ১৫ থেকে ১৭টি দলিল স্বাক্ষরিত হতে পারে। এর মধ্যে প্রায় ১৩টি সমঝোতা স্মারক, দুটি চুক্তি, একটি কর্মপরিকল্পনা এবং একটি প্রটোকল অন্তর্ভুক্ত রয়েছে।
দুই দেশের পারস্পরিক সহযোগিতা জোরদার এবং নতুন বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে এই সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
মন্তব্যসমূহ