পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিতব্য উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছেছেন।
তিনি চলমান কারিগরি পর্যায়ের আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। আলজাজিরার খবরে বলা হয়েছে, এই বৈঠকে তিনি দুই দেশের মধ্যে সমঝোতা এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
সূত্র জানায়, ইসলামাবাদ সমঝোতা স্মারক কাঠামোর আওতায় অনুষ্ঠিত এই আলোচনায় বিভিন্ন পর্যায়ে অংশ নিতে তিনি ইতোমধ্যে সুইজারল্যান্ডের বুর্গেনস্টক অবকাশকেন্দ্রে পৌঁছেছেন। সেখানে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।
আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টাকে এগিয়ে নিতে এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। তবে আলোচনার নির্দিষ্ট এজেন্ডা ও সম্ভাব্য ফলাফল সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এর আগে সুইজারল্যান্ডে পৌঁছান যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি সাংবাদিকদের জানান, পারমাণবিক ইস্যু এবং লেবাননের যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অগ্রগতি হওয়ার আশা করা হচ্ছে।
ভ্যান্স আরও বলেন, লেবাননে পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে যাচ্ছে এবং উত্তেজনা কমছে বলে তিনি মনে করেন। পাশাপাশি ইসরায়েল ও লেবাননের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে নিয়মিত নজরদারির প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সূত্র : আল জাজিরা
মন্তব্যসমূহ