নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর বিধান তুলে ধরে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ অনুপ্রবেশকারী নন; তারা শরণার্থী।
রাজ্যে ডিজিটাল জনগণনা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় শরণার্থী ও অনুপ্রবেশকারীর মধ্যে এই পার্থক্য তুলে ধরেন তিনি।
শুভেন্দু অধিকারী বলেন, কেন্দ্রীয় সরকারের নির্ধারিত নিয়ম ও নির্দেশিকা অনুযায়ী ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে অথবা জীবন রক্ষার জন্য ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ভারতে আশ্রয় নেওয়া এসব সম্প্রদায়ের মানুষ শরণার্থী হিসেবে বিবেচিত হবেন।
তিনি জানান, এসব শরণার্থীর বিরুদ্ধে কোনো আইনি মামলা করা যাবে না। পুলিশও তাদের কোনো ধরনের হয়রানি করতে পারবে না।
অন্যদিকে ভারতে অবস্থানরত অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, নির্ধারিত আইনি প্রক্রিয়া ও যথাযথ সতর্কতা অনুসরণ করে তাদের শনাক্ত করা হবে।
শনাক্ত হওয়া অবৈধ অনুপ্রবেশকারীদের নিজ দেশে ফেরত পাঠানো হবে এবং ভবিষ্যতেও এ প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানান শুভেন্দু অধিকারী।
তিনি আরও বলেন, অবৈধ অনুপ্রবেশকারীদের ভরণপোষণ কিংবা তাদের দায়িত্ব নেওয়া ভারতের নৈতিক বা সাংবিধানিক দায়িত্ব নয়।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস