ঢাকা    মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দীর্ঘ সম্পর্কের ইতি টানবেন ভিনিসিয়ুস?

দীর্ঘ সম্পর্কের ইতি টানবেন ভিনিসিয়ুস?
ভিনিসিয়ুস জুনিয়র | ছবি: সংগৃহীত
ফলো করুন

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে রিয়াল মাদ্রিদে অনিশ্চয়তা বাড়ছে। নতুন চুক্তির বিষয়ে সমঝোতা না হলে তাকে বিক্রির সম্ভাবনাও বিবেচনা করতে পারে স্প্যানিশ ক্লাবটি।

ভিনিসিয়ুসের সঙ্গে রিয়ালের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সালের ৩০ জুন শেষ হবে। ফলে নতুন মৌসুমে তিনি চুক্তির শেষ বছরে প্রবেশ করবেন। রিয়াল ২০২৩ সালে তার সঙ্গে ওই মেয়াদ পর্যন্ত চুক্তি নবায়নের ঘোষণা দিয়েছিল।

ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তি নবায়নে ভিনিসিয়ুসকে সর্বশেষ প্রস্তাব দিয়েছে রিয়াল। তবে প্রস্তাবের আর্থিক অঙ্ক আরও বাড়ানোর পরিকল্পনা নেই ক্লাবটির। এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ব্রাজিলিয়ান তারকা ও তার প্রতিনিধিদের ওপর ছেড়ে দেওয়া হয়েছে।

দুই পক্ষের মধ্যে নতুন করে আলোচনার কোনো তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এর আগে ভিনিসিয়ুসের প্রতিনিধিরা জানিয়েছিলেন, সামান্য বেতন বাড়িয়ে দীর্ঘমেয়াদি চুক্তি করার প্রস্তাব তাদের কাছে যথেষ্ট আকর্ষণীয় নয়।

রিয়ালের অবস্থান হলো, ভিনিসিয়ুসকে হয় নতুন চুক্তিতে সম্মত হতে হবে, নয়তো দলবদলের পথ বেছে নিতে হবে। চুক্তি শেষ হওয়ার পর বিনা মূল্যে তাকে হারানোর ঝুঁকি নিতে চায় না ক্লাবটি।

এদিকে ভিনিসিয়ুসকে দলে নেওয়ার সম্ভাবনা খতিয়ে দেখছে ইংলিশ ক্লাব আর্সেনাল। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত ভিনিসিয়ুস বা তার প্রতিনিধিদের সঙ্গে আর্সেনালের আনুষ্ঠানিক যোগাযোগ হয়নি। বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।

২০১৮ সালে ফ্ল্যামেঙ্গো থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন ভিনিসিয়ুস। এরপর তিনি ক্লাবটির অন্যতম গুরুত্বপূর্ণ আক্রমণভাগের খেলোয়াড় হয়ে ওঠেন। দুটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনালে গোল করার পাশাপাশি ২০২৪ সালের ব্যালন ডি’অরে দ্বিতীয় হন তিনি।

চুক্তি নিয়ে অনিশ্চয়তা থাকলেও ভিনিসিয়ুস এর আগে রিয়ালেই দীর্ঘদিন থাকার ইচ্ছা প্রকাশ করেছিলেন। গত এপ্রিলে তিনি বলেন, রিয়াল তার স্বপ্নের ক্লাব এবং সঠিক সময়ে চুক্তি নবায়নের বিষয়ে এগোতে চান।

এখন নতুন মৌসুমের প্রস্তুতির পাশাপাশি ভিনিসিয়ুসের ভবিষ্যৎ নিয়েও সিদ্ধান্ত নিতে হবে রিয়ালকে। দুই পক্ষ সমঝোতায় পৌঁছাতে না পারলে আসন্ন দলবদলের বাজারে ব্রাজিলিয়ান তারকাকে ঘিরে বড় ধরনের প্রতিযোগিতা তৈরি হতে পারে।

সূত্র : ইএসপিএন

ট্যাগ : ভিনিসিয়ুস জুনিয়র রিয়াল মাদ্রিদ আর্সেনাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

দীর্ঘ সম্পর্কের ইতি টানবেন ভিনিসিয়ুস?

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ