বার্সেলোনার আক্রমণভাগে যোগ হতে যাচ্ছেন আর্সেনালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস। ২৯ বছর বয়সী এই স্ট্রাইকারকে স্থায়ীভাবে দলে নিতে ইংলিশ ক্লাবটির সঙ্গে নীতিগত সমঝোতায় পৌঁছেছে কাতালানরা।স্কাই স্পোর্টসের তথ্য অনুযায়ী, জেসুসের দলবদরের জন্য আর্সেনালকে প্রায় ৮ দশমিক ৬ মিলিয়ন পাউন্ড বা ১০ মিলিয়ন ইউরো দিতে সম্মত হয়েছে বার্সেলোনা। চুক্তির বাকি আনুষ্ঠানিকতা শেষ করার কাজ চলছে এবং সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে দ্রুতই দলবদর সম্পন্ন হতে পারে।জেসুসকে সোমবার স্পেনে নেওয়ার প্রস্তুতি চলছে। সেখানে তিনি স্বাস্থ্য পরীক্ষা ও চুক্তির অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন। তবে বার্সেলোনা বা আর্সেনাল এখনো আনুষ্ঠানিকভাবে দলবদরটি ঘোষণা করেনি।[BANGVIEWS-POST:4804]চলতি গ্রীষ্মে আক্রমণভাগে বড় পরিবর্তন এসেছে বার্সেলোনায়। রবার্ট লেয়ানডস্কি মৌসুম শেষে ক্লাব ছেড়েছেন। আর ১৫ আগস্ট ফেরান তোরেসকে প্যারিস সেন্ট জার্মেইয়ে বিক্রির আনুষ্ঠানিক ঘোষণা দেয় বার্সেলোনা। ফলে নতুন একজন কেন্দ্রীয় ফরোয়ার্ডের প্রয়োজন ছিল কাতালান ক্লাবটির।বার্সেলোনার প্রধান লক্ষ্যগুলোর একটি ছিলেন অ্যাতলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ। তবে অ্যাতলেটিকো স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, আলভারেজকে বার্সেলোনার কাছে বিক্রি করার বিষয়ে তারা কোনো আলোচনা করবে না। ক্লাবটির বোর্ডও এই অবস্থানকে সমর্থন করেছে।রোববার আলভারেজ আবার অ্যাতলেটিকোর দলীয় অনুশীলনে ফিরেছেন। অসুস্থতার কারণে কয়েকটি অনুশীলন মিস করা এই ফরোয়ার্ডকে সেভিয়ার বিপক্ষে ম্যাচের দলেও রাখা হয়নি। ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা চললেও অ্যাতলেটিকো তাকে ধরে রাখতে চায়।তবে জেসুসকে দলে নেওয়ার অর্থ আলভারেজকে পাওয়ার চেষ্টা পুরোপুরি শেষ হয়ে গেছে, এমন নয়। স্কাই স্পোর্টস জানিয়েছে, দুই খেলোয়াড়কে ঘিরে বার্সেলোনার পরিকল্পনা আলাদা এবং জেসুসের সম্ভাব্য দলবদর আলভারেজের বিষয়ে তাদের আগ্রহের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়।[BANGVIEWS-POST:4803]এদিকে দলবদরের শেষ সময়ে আরও একজন খেলোয়াড়কে ছাড়ার পথে আর্সেনাল। পর্তুগিজ মিডফিল্ডার ফাবিও ভিয়েরাকে হামবুর্গের কাছে স্থায়ীভাবে বিক্রি করতে জার্মান ক্লাবটির সঙ্গে সমঝোতায় পৌঁছেছে তারা।স্কাই স্পোর্টসের হিসাবে, ভিয়েরার দলবদরের মূল্য প্রায় ৭ দশমিক ৭ মিলিয়ন পাউন্ড। জার্মানির স্কাই স্পোর্টস জানিয়েছে, অঙ্কটি প্রায় ৯ মিলিয়ন ইউরো এবং হামবুর্গের সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি করতে পারেন ভিয়েরা।গত মৌসুমে হামবুর্গে ধারে খেলেছিলেন ২৬ বছর বয়সী ভিয়েরা। সেখানে ২৯টি লিগ ম্যাচে সাত গোল করার পাশাপাশি পাঁচটি গোলে সহায়তা করেছিলেন তিনি। এবার স্থায়ীভাবেই জার্মান ক্লাবটিতে ফেরার পথে রয়েছেন এই পর্তুগিজ মিডফিল্ডার।