নতুন রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী মনোনয়নসহ দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আজ শনিবার সন্ধ্যায় বৈঠকে বসছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি।
দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের এই বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
স্থায়ী কমিটির একজন সদস্য জানিয়েছেন, বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন ও দলীয় প্রার্থী মনোনয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হবে।
দলীয় সূত্রের ভাষ্য, আগস্টের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এ কারণে বিএনপির পক্ষ থেকে কাকে প্রার্থী করা হবে, তা নিয়ে স্থায়ী কমিটির সদস্যরা মতামত দেবেন।
তবে রাষ্ট্রপতির পদকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিবেচনায় নিয়ে প্রার্থী মনোনয়নের চূড়ান্ত সিদ্ধান্ত তারেক রহমানের ওপর ছেড়ে দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট নেতারা জানিয়েছেন।
বিএনপির নীতিনির্ধারকদের মতে, রাষ্ট্রপতির দায়িত্ব শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়। সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখা এবং রাজনৈতিক সংকটের সময় রাষ্ট্র পরিচালনায় এ পদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ কারণে প্রার্থী নির্বাচনে সতর্কভাবে সিদ্ধান্ত নিতে চায় দলটি।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ২৪ জুলাই পদত্যাগ করার পর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন।
হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে গত ২৮ জুলাই প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা তাঁর সঙ্গে বৈঠক করেন।
সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হয়। তবে বিএনপির শীর্ষ নেতৃত্ব নির্ধারিত সময়ের আগেই নির্বাচন শেষ করার পরিকল্পনা করছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
রাষ্ট্রপতি প্রার্থী ছাড়াও বৈঠকে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি, সরকার পরিচালনা এবং বিএনপির সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হতে পারে।