রাজধানীর লালমাটিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে লালমাটিয়ার মিনা বাজারের সামনে এ ঘটনা ঘটে। পরে মোহাম্মদপুর থানা-পুলিশ তাকে গ্রেপ্তার করে।
৬৯ বছর বয়সী আজিজুল হক আরজু ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পাবনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার বাড়ি পাবনার আমিনপুর থানার নাটিয়াবাড়ী এলাকায়।
পুলিশ জানায়, আটকের সময় ধস্তাধস্তিতে আরজু সামান্য আহত হন। তিনি হৃদ্রোগে আক্রান্ত হওয়ায় গ্রেপ্তারের পর পুলিশি পাহারায় পরিবারের সদস্যদের সঙ্গে তাকে চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে।
ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হক আরজুকে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সেগুলো যাচাই-বাছাই ও তদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।