আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন সংস্কার কমিশনের দেওয়া প্রস্তাবনাগুলো ‘জুলাই সনদের’ আলোকে বাস্তবায়ন করা হবে। তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা অধিকাংশ অধ্যাদেশ বর্তমান সরকার গ্রহণ করেছে।
শুক্রবার (৩১ জুলাই) সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে আয়োজিত বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আইন সংস্কার কমিশনের মাধ্যমে মোট ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়েছিল। এর মধ্যে প্রায় সবগুলোই সরকার গ্রহণ করেছে এবং সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে জুলাই সনদের নীতিমালা অনুসরণ করা হবে।
একই অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত দেশের পর্যটন খাতের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন। তিনি বলেন, দেশি ও বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে সরকার একটি সমন্বিত মহাপরিকল্পনা গ্রহণ করেছে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে দেশের পর্যটন শিল্পে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানও বক্তব্য রাখেন। তিনি এনসিপির সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্যের সমালোচনা করে সেটিকে রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বলে মন্তব্য করেন।
রাশেদ খান বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ দিয়ে এনসিপি দেশের যেকোনো স্থানে রাজনৈতিক কর্মসূচি পালন করলে বিএনপি তাদের প্রয়োজনীয় সহযোগিতা করবে।
ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।