উত্তর আফ্রিকায় অবস্থিত স্পেনের স্বায়ত্তশাসিত শহর সেউতায় প্রবেশের চেষ্টা করতে গিয়ে অন্তত ৯ অভিবাসীর মৃত্যু হয়েছে। সীমান্ত অতিক্রমে বিপুলসংখ্যক মানুষের চেষ্টা এবং পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রশাসনের তথ্য অনুযায়ী, গত ১০ দিনে প্রায় ১ হাজার ৫০০ থেকে ২ হাজার অভিবাসী সেউতায় প্রবেশ করেছেন। বৃহস্পতিবারও কয়েকশ মানুষ স্থল ও সমুদ্রপথে সীমান্ত অতিক্রমের চেষ্টা করেন।
পরিস্থিতিকে ‘মানবিক ও সামাজিক জরুরি অবস্থা’ হিসেবে উল্লেখ করে সেউতার আঞ্চলিক প্রেসিডেন্ট হেসুস ভিভাস সীমান্তে নিরাপত্তা জোরদারের আহ্বান জানান। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
তবে স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমান অভিবাসন পরিস্থিতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণার আইনি শর্ত পূরণ করে না। যদিও সীমান্তে অতিরিক্ত সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ৬০ জন সেনা সদস্য মোতায়েনের ঘোষণা দেওয়া হয়েছে।
স্থানীয় গণমাধ্যমের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, অনেক অভিবাসী সমুদ্রপথে ভাসমান নৌযান ও ফোলানো টিউব ব্যবহার করে সেউতায় প্রবেশের চেষ্টা করছেন। অন্যদিকে, কেউ কেউ স্থলসীমান্তের উঁচু বেড়া টপকে শহরে ঢোকার চেষ্টা করেন।
অভিবাসী অধিকারকর্মীদের দাবি, ২০২১ সালের অভিবাসন সংকটের মতো এবারও বিপুলসংখ্যক মানুষ মরক্কোর সীমান্তবর্তী এলাকায় জড়ো হয়েছেন। তাদের অনেকে ইউরোপে উন্নত জীবনের আশায় সেউতা সীমান্ত অতিক্রমের সুযোগের অপেক্ষায় রয়েছেন।
সেউতা ও মেলিয়া আফ্রিকা মহাদেশে অবস্থিত স্পেনের দুটি স্বায়ত্তশাসিত অঞ্চল এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আফ্রিকার একমাত্র স্থলসীমান্ত। উন্নত জীবনের প্রত্যাশায় প্রতিবছর হাজারো অভিবাসী এই দুই সীমান্ত দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করেন।
সম্প্রতি স্পেনের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, সেউতা বা মেলিয়ার পথে সমুদ্রে আটক অভিবাসীদের তাৎক্ষণিকভাবে মরক্কোতে ফেরত পাঠানো যাবে না। সীমান্তরক্ষী বাহিনীর ধারণা, এই রায়ের পর থেকেই সীমান্তে অভিবাসীদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অনিয়মিত অভিবাসন প্রতিরোধে তারা মরক্কোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। পাশাপাশি মানবপাচারকারী চক্র আদালতের সাম্প্রতিক রায়কে কাজে লাগিয়ে মানুষকে অবৈধভাবে ইউরোপে প্রবেশে উৎসাহিত করছে বলেও দাবি করেছে কর্তৃপক্ষ।
পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে শুক্রবার সেউতা সফরে যাওয়ার কথা রয়েছে স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে-মারলাস্কার।
সূত্র : আল জাজিরা