জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধির সঙ্গে প্রকাশ্য বিতর্কে জড়িয়েছেন ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। নিউইয়র্কে এক শুনানি চলাকালে এ ঘটনা ঘটে।
শুক্রবার সংঘাতপূর্ণ এলাকায় যৌন সহিংসতা নির্মূল বিষয়ক আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত বৈঠকে জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি প্রমিলা প্যাটেনের সঙ্গে ড্যাননের উত্তপ্ত বাক্যবিনিময় হয়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে প্রমিলা প্যাটেনের পদত্যাগ দাবি করেন ইসরায়েলি রাষ্ট্রদূত। ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ এনে কালোতালিকাভুক্ত করার ঘটনায় তিনি প্যাটেনের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ তোলেন।
ড্যানন দাবি করেন, ইসরায়েলকে লক্ষ্যবস্তু করার ক্ষেত্রে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের অবস্থানের কাছে প্যাটেন নতি স্বীকার করেছেন।
বৈঠকের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জাতিসংঘের আরেক বিশেষ দূত ভ্যানেসা ফ্রেজার হস্তক্ষেপ করেন। তিনি পয়েন্ট অব অর্ডার তুলে ড্যাননকে ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকার অনুরোধ জানান।
এর জবাবে ইসরায়েলি রাষ্ট্রদূত ফ্রেজারকে চুপ থাকতে বলেন। তিনি মন্তব্য করেন, ইসরায়েল একটি সদস্য রাষ্ট্র, আর ফ্রেজার জাতিসংঘের একজন কর্মকর্তা।
ভ্যানেসা ফ্রেজার জাতিসংঘে মাল্টার সাবেক রাষ্ট্রদূত। চলতি সপ্তাহে প্রকাশিত এক প্রতিবেদনে তিনি ফিলিস্তিনি শিশুদের অধিকার লঙ্ঘনের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেন।
প্রতিবেদনে আরও বলা হয়, এ ধরনের কর্মকাণ্ডের কারণে ইসরায়েলি বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলোকে কালোতালিকাভুক্ত করার বিষয়টি বিবেচনায় আসতে পারে।
কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, জাতিসংঘের প্রকাশ্য বৈঠকে এ ধরনের তীব্র বাক্যবিনিময় কূটনৈতিক শিষ্টাচারের জন্য অস্বস্তিকর ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: রয়টার্স