দীর্ঘ দেড় মাস বন্ধ থাকার পর রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল আবারও চিকিৎসাসেবা কার্যক্রম শুরু করেছে।
মঙ্গলবার সকাল ৮টা থেকে হাসপাতালের বহির্বিভাগ, অন্তঃবিভাগ, জরুরি বিভাগসহ সব ধরনের চিকিৎসাসেবা চালু করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বহির্বিভাগে ৬০৭ জন রোগী চিকিৎসা নিয়েছেন। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬ জন।
এ ছাড়া দিনটিতে আটটি সিজারিয়ান অপারেশন এবং তিনটি স্বাভাবিক প্রসব সম্পন্ন হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সোমবার হাসপাতালটির লাইসেন্স পুনর্বহাল করে। এর পরদিন থেকেই হাসপাতালের চিকিৎসাসেবা পুরোপুরি চালু করা হয়।
আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. জামালুন্নেসা বলেন, সরকারের নির্দেশনা অনুসরণ করে হাসপাতালের প্রয়োজনীয় সংস্কার ও অবকাঠামোগত উন্নয়ন করা হয়েছে।
তিনি জানান, প্রতিটি ওয়ার্ডে পর্যাপ্ত আলো-বাতাস, ভেন্টিলেশন এবং অক্সিজেন সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীদের দক্ষতা বাড়াতেও প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
স্বল্প খরচে মানসম্মত চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্য নিয়ে হাসপাতালটি নতুন করে কার্যক্রম শুরু করেছে বলেও জানান তিনি।
আদ্-দ্বীন ফাউন্ডেশনের মানবসম্পদ বিভাগের সহকারী ব্যবস্থাপক জাহেদ হোসাইন বলেন, হাসপাতাল বন্ধ থাকায় প্রায় দুই হাজার কর্মকর্তা-কর্মচারীর চাকরি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। লাইসেন্স ফিরে পাওয়ায় সেই উদ্বেগ কেটে গেছে এবং সবাই পুনরায় কাজে যোগ দিয়েছেন।
হাসপাতাল সূত্র জানায়, বর্তমানে বহির্বিভাগ, অন্তঃবিভাগ, জরুরি বিভাগ, আইসিইউ, এনআইসিইউ, সিসিইউ ও ডায়ালাইসিসসহ সব চিকিৎসাসেবা চালু রয়েছে।
সংক্রমণ প্রতিরোধে আন্তর্জাতিক মান অনুসরণ করা হচ্ছে। পাশাপাশি অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন নিরুৎসাহিত করে স্বাভাবিক প্রসবকে উৎসাহ দেওয়ার নীতিও বহাল রয়েছে।
স্বল্প খরচে ডায়ালাইসিস এবং ঢাকা শহরের মধ্যে ৩৮০ টাকায় অ্যাম্বুলেন্স সেবাও চালু রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।