ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এ কাজে দালাল বা মধ্যস্বত্বভোগীদের কোনো সুযোগ নেই বলেও সতর্ক করেছেন তিনি।
মঙ্গলবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার কুতুবপুরে একটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন মন্ত্রী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত স্বনির্ভর খালের দুই পাশে এ কর্মসূচির আয়োজন করা হয়।
জহির উদ্দিন স্বপন বলেন, ফ্যামিলি কার্ড দেওয়ার ক্ষেত্রে কেউ অনিয়ম বা দুর্নীতির সঙ্গে জড়িত হলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কার্ড বিতরণে কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীকে প্রশ্রয় দেওয়া হবে না।
তিনি বলেন, রাষ্ট্রীয় ক্ষমতার মূল উৎস জনগণ। জনপ্রতিনিধি ও সরকারি দায়িত্বে থাকা ব্যক্তিরা জনগণের সেবক। তাই সাধারণ মানুষকে সঠিকভাবে সেবা দিতে হবে। এক্ষেত্রে অন্যায় বা অনিয়মের কোনো সুযোগ নেই।
সরকার অন্যায়কারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, জনগণের অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি। পরে মন্ত্রীসহ অতিথিরা খালের দুই পাড়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।