বরিশালে নির্মাণাধীন বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্সকে আন্তর্জাতিক মানের প্রযুক্তিনির্ভর সেবাকেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি। তিনি বলেছেন, দেশের প্রতিটি তথ্য কমপ্লেক্সে আধুনিক মানের সিনেপ্লেক্সসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর সেবার ব্যবস্থা থাকবে।রোববার (১৬ আগস্ট) বেলা ১১টায় বরিশাল নগরীর কাশিপুরে বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণকাজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানটির আয়োজন করে গণযোগাযোগ অধিদপ্তর।তথ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষের পাশাপাশি গণমাধ্যমকর্মীরা এই কমপ্লেক্স থেকে বিশেষভাবে উপকৃত হবেন। সাংবাদিকদের পেশাগত কাজের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। তিনি বলেন, অপতথ্য ও ভুল তথ্য মোকাবিলায় আধুনিক তথ্য কমপ্লেক্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রযুক্তির সহায়তায় মানুষের কাছে দ্রুত ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দেওয়াও এই প্রকল্পের অন্যতম লক্ষ্য।[BANGVIEWS-POST:3810]প্রকল্প পরিচালক মনিরুজ্জামান জানান, বরিশালে সাততলা আধুনিক তথ্য কমপ্লেক্স ভবন নির্মাণে ব্যয় হচ্ছে ১৭ কোটি ৬৩ লাখ ৮৬ হাজার টাকা। পরে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন উপ-প্রকল্প পরিচালক রেজাউর রাব্বী মনির।উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম, বরিশাল রেঞ্জের ডিআইজি জুলফিকার আলী হায়দার, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আবদুল জলিল এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ। সংশ্লিষ্টদের প্রত্যাশা, কমপ্লেক্সটি চালু হলে আধুনিক তথ্যসেবা দেওয়ার পাশাপাশি গণমাধ্যমকর্মীদের পেশাগত কাজে সহায়তা এবং সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার সুযোগ আরও বাড়বে।