ইরানে শাসন পরিবর্তনের ধারণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আবারও তুলে ধরতে পারেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন ধারণা প্রকাশ করেছেন ওয়াশিংটনভিত্তিক মিডল ইস্ট ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বিশ্লেষক অ্যালেক্স ভাতাঙ্কা।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তেহরানে সরকার পরিবর্তনের পক্ষে ট্রাম্পকে রাজি করানোর চেষ্টা করতে পারেন নেতানিয়াহু। তবে মার্কিন প্রেসিডেন্ট এ প্রস্তাবে ইতিবাচক সাড়া দেবেন—এমন সম্ভাবনা খুবই কম।
ভাতাঙ্কা বলেন, “আমার মনে হয়, প্রেসিডেন্ট আর সে পথে যেতে চান না। যুক্তরাষ্ট্রে এই যুদ্ধ রাজনৈতিকভাবে অত্যন্ত অজনপ্রিয়। তাই বৈঠক থেকে নেতানিয়াহু কী অর্জন করতে পারেন, সেটিই এখন দেখার বিষয়।”
তার মতে, অতীতে ওয়াশিংটনে ট্রাম্প ও নেতানিয়াহুর একাধিক বৈঠকের পর ইরানকে ঘিরে উত্তেজনা বেড়েছে। এবারের বৈঠকের পরও একই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয় কি না, সেদিকে নজর রাখতে হবে।
ইরানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সমঝোতা নিয়েও ইসরায়েলি কর্মকর্তাদের অসন্তোষ রয়েছে বলে জানান এই বিশ্লেষক। তাদের প্রত্যাশা, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি নিয়ে আরও কঠোর অবস্থান নিতে ট্রাম্পের ওপর চাপ অব্যাহত রাখবেন নেতানিয়াহু।
তবে ভাতাঙ্কার ভাষ্য, ইরানের বিরুদ্ধে সামরিকভাবে যুক্তরাষ্ট্রের সামনে খুব বেশি বিকল্প নেই। সরাসরি দেশটি দখলের মতো বড় সামরিক অভিযানে না গেলে শুধু বিমান হামলার মাধ্যমে সব লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। আর ইরান দখলের সম্ভাবনাকে বাস্তবসম্মত মনে করছেন না সংশ্লিষ্ট বিশ্লেষকেরা।
সূত্র: আল জাজিরা