সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সাম্প্রতিক আলোচনাকে রাজনৈতিক বক্তব্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
তিনি বলেন, দলকে রাজনৈতিকভাবে সক্রিয় ও সংগঠিত রাখতেই শেখ হাসিনার দেশে ফেরার কথা বলা হচ্ছে। বাস্তবে এ ধরনের আলোচনার কোনো ভিত্তি নেই।
সোমবার, ২৭ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মাদরাসা বাজার এলাকায় খাল খনন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আন্দালিব রহমান পার্থ বলেন, জুলাইয়ের ঘটনাপ্রবাহ অস্বীকার করে দেশে ফেরা তো দূরের কথা, রাজনীতিতে ফিরে আসাও অত্যন্ত কঠিন হবে। দেশের মানুষের বর্তমান মনোভাব, রক্ত ও আত্মত্যাগের ইতিহাস উপেক্ষা করে নতুন করে রাজনীতির কথা ভাবা বাস্তবসম্মত নয়।
তিনি বলেন, দুই বছর আগে জুলাই মাসে তারাও রিমান্ডে ছিলেন। সেই সময়ের অভিজ্ঞতা এবং পরবর্তী রাজনৈতিক পরিবর্তন দেশের মানুষের চিন্তা ও মানসিকতায় গভীর প্রভাব ফেলেছে।
খাল খনন কর্মসূচি প্রসঙ্গে পার্থ বলেন, এ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে তিনি ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের নদীভাঙনকবলিত ভোলারখাল এলাকা পরিদর্শন করেন। সেখানে ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় সরকারি বরাদ্দ পাওয়ার বিষয়ে আশাবাদ প্রকাশ করেন তিনি। আগামী একনেক সভায় এ এলাকার জন্য বরাদ্দের বিষয়টি বিবেচনায় আসতে পারে বলেও জানান।
এ সময় ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল কুমার দাস, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন আরিফ, ভোলা জেলা বিজেপির সভাপতি আমিনুল ইসলাম রতন ও সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।