মালদ্বীপের স্বাধীনতার ৬১তম বার্ষিকী উদযাপনে যোগ দিতে দেশটিতে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
শনিবার, ২৫ জুলাই মালদ্বীপে পৌঁছালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
মালদ্বীপ সরকারের বিশেষ অতিথি হিসেবে খলিলুর রহমান ২৫ থেকে ২৭ জুলাই পর্যন্ত দেশটিতে অবস্থান করবেন। সফরকালে তিনি মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এ ছাড়া মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদমের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের সম্পর্ক আরও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা হবে।
দুই দেশের মধ্যকার বিদ্যমান সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র পর্যালোচনার পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নতুন খাতে কাজ করার সুযোগ নিয়েও মতবিনিময় করবেন দুই পররাষ্ট্রমন্ত্রী।
আলোচনায় আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতিও গুরুত্ব পাবে। একই সঙ্গে আঞ্চলিক ও বহুপক্ষীয় ফোরামে বাংলাদেশ ও মালদ্বীপের সহযোগিতা অব্যাহত রাখার বিষয়টি পুনর্ব্যক্ত করা হতে পারে।
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই খলিলুর রহমানের প্রথম মালদ্বীপ সফর।
এর আগে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান রিজিওনাল ফোরামের সম্মেলনে অংশ নেন তিনি। ওই সফর শেষ করেই মালদ্বীপে যান পররাষ্ট্রমন্ত্রী।