জোরপূর্বক শ্রম প্রতিরোধে ব্যর্থতার অভিযোগে যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্কের কোনো যৌক্তিক ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শনিবার, ২৫ জুলাই দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে দুটি ইংলিশ মিডিয়াম স্কুলের সমাবর্তন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপে বাংলাদেশের বাণিজ্য পরিস্থিতিতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসবে না। আগে যে শুল্কনীতি কার্যকর ছিল, নির্ধারিত সময় শেষ হওয়ার পর একই মাত্রার শুল্ক নতুন নামে বহাল রাখা হয়েছে।
তার মতে, বিষয়টি নতুন কোনো বাণিজ্য প্রতিবন্ধকতা নয়। যুক্তরাষ্ট্রের প্রচলিত আইন ও নীতির ধারাবাহিকতায় শুল্কের নাম পরিবর্তন করা হয়েছে মাত্র।
জোরপূর্বক শ্রম প্রতিরোধে বাংলাদেশ ব্যর্থ হয়েছে, এমন অভিযোগও প্রত্যাখ্যান করেন মন্ত্রী। তিনি বলেন, অভিযোগটির বাস্তবসম্মত ভিত্তি নেই এবং দেশের রপ্তানি ও আন্তর্জাতিক বাণিজ্যে এর বড় কোনো প্রভাব পড়বে না।
দেশে সম্ভাব্য খাদ্য সংকট নিয়ে জাতিসংঘের প্রতিবেদনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ইউরিয়াসহ সব ধরনের সারের পর্যাপ্ত মজুদ রয়েছে। এ কারণে কৃষি উৎপাদন বা খাদ্য সরবরাহ নিয়ে এখনই উদ্বিগ্ন হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি।
এর আগে মন্ত্রী সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন পরিবেশনা উপভোগ করেন।
অনুষ্ঠানে বিদ্যালয় দুটির পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী, জেলা পরিষদের প্রশাসক এবং সিলেট জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।